এফবিআই

ট্রাম্পের প্রতি বিদ্বেষ ছিল না টেসলা সাইবারট্রাক চালকের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। সেই সাইবারট্রাকের সন্দেহভাজন চালক ম্যাথিউ লাইভেলসবর্গারের (৩৭) ট্রাম্পের প্রতি কোনো বিদ্বেষ ছিল না বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

শুক্রবার (৩ জানুয়ারি)  এফবিআই এ তথ্য প্রকাশ করে বলেছে ম্যাথিউ সম্ভবত পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছিলেন।

এফবিআই কর্মকর্তারা বলেন, নববর্ষের দিনে নিউ অরলিন্সে ট্রাক হামলায় এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু এবং একই দিনে লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বিস্ফোরণে সাতজন আহত হয়েছিলেন।

বৃহস্পতিবার কর্মকর্তারা সাইবারট্রাকে মৃত অবস্থায় পাওয়া ম্যাথিউকে কলোরাডো স্প্রিংসের একজন সক্রিয় সেনা সদস্য হিসেবে শনাক্ত করেন। বলা হয় তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন। তদন্তে এবং সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ম্যাথিউ সম্ভবত পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছিলেন। তার ব্যক্তিগত জীবনে পারিবারিক সমস্যা বা অন্যান্য অভিযোগ থাকতে পারে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাথিউ নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাস ট্রাম্প অর্গানাইজেশনের অংশ। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প পুনরায় হোয়াইটহাউসে ফিরে আসবেন। ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী তার ছেলে এরিক ট্রাম্প বিস্ফোরণের পর কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। অন্যদিকে টেসলা সিইও ইলন মাস্ক ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সমর্থক এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত