ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চেয়ে মার্কিন কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই অস্ত্র বিক্রি চুক্তি সম্পন্ন করতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
নতুন এই চালানে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টারের জন্য গোলাবারুদ থাকবে। গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। খবর রয়টার্সের।
অ্যাক্সিওস জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে জঙ্গি বিমানের যুদ্ধোপকরণ, অ্যাটাক হেলিকপ্টার, কামানের গোলা, ছোট ব্যাসের বোমা ও ওয়ারহেডের মতো যুদ্ধাস্ত্র রয়েছে। এছাড়া এতে ড্রোনের মতো হুমকি মোকাবিলার জন্য যুদ্ধবিমানের আর্টিলারি শেল এবং এয়ার-টু-এয়ার মিসাইলও অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
অস্ত্র বিক্রিত বিষয়ে যুক্তি দেখিয়ে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন যে, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। ইরান ও তার প্রক্সি সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকারও রয়েছে।‘
ওই কর্মকর্তা আরও জানান, ‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ করতে থাকব।’
তিনি আরও উল্লেখ করেন, কিছু অস্ত্র যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদ থেকে সরবরাহ করা সম্ভব হলেও বেশিরভাগ সরঞ্জাম উৎপাদন ও সরবরাহে এক থেকে কয়েক বছর সময় লাগবে।
গত ১৫ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর বিশ্বজুড়ে সমালোচনার মুখেও ওয়াশিংটন চলতি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর সেখানে প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ২১৭টি ডিজাইনার হ্যান্ডব্যাগ, ৭৫টি বিলাসবহুল ঘড়ি
ক্ষমতা গ্রহণের আগেই ঘুষের মামলায় সাজা নিশ্চিত ট্রাম্পের