পোশাক পরিচয়পত্র ছাড়া অভিযান নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া অভিযান কিংবা কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, ‘অভিযানে বা গ্রেপ্তারে প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সেই সঙ্গে সাদা পোশাকে ডিবি পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না।’

গতকাল ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তারা যেন সেটি ফলো না করেন।’

‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেল বলেও কিছু থাকবে না। এখন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে (ডিবির সামনে), সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন। পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার।’

‘লিবিয়ায় বন্দি রেখে মুক্তিপণ আদায়ের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দিলে অবশ্যই সেটি আমলে নেওয়া হবে। সুনির্দিষ্ট তথ্য দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রতি টেকনাফে অপহরণের ঘটনা ঘটছে, তাতে সবাই উদ্ধার হয়ে গেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্তের উল্টোদিকে মিয়ানমার অংশ পুরোটা আরাকান আর্মির দখলে চলে গেছে বলে জানান তিনি।

আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রাখতে হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্ডার যেন শান্ত থাকে, আমাদের যেন কোনো অসুবিধা না হয়, আমরা সজাগ আছি। আমাদের বর্ডার কিন্তু পুরোটা আমাদের নিয়ন্ত্রণে আছে। টেকনাফে শুধু অপহরণকারীই নয়, মাদক চক্র অ্যাকটিভ আছে।’

এদিকে ৩১ জুলাইয়ের মধ্যে অবৈধ বিদেশিরা ভিসা না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘দেশে অনেক বিদেশি আছেন, যাদের কোনো ভিসা নেই। তাদের অনেকেই চাকরিও করছেন। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাসপোর্ট অধিদপ্তরে আগের চেয়ে দুর্নীতি কমেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো, এই ডিজি (মহাপরিচালক) আসার পর অনেকটা কমেছে। এটি আরও কমিয়ে আনতে হবে। এখনো পাসপোর্ট পেতে লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়। এটা কীভাবে আরও কমিয়ে আনা যায়, তা নিয়ে এখানে আলাপ হয়েছে।’ অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন, অপকর্ম করছেন এমন অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশন (যাচাই-বাছাই) উঠিয়ে দেব। শুধু এনআইডি কার্ডের ওপর (পাসপোর্ট) দেব। পুলিশ ভেরিফিকেশনের কারণে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়, (পাসপোর্ট) পেতে দেরি হয়, এই হয়, সেই হয়। পুলিশের সংখ্যাও অনেক সময় কম থাকে। বাট রোহিঙ্গা যে সমস্যাটার কথা বললেন, এজন্য এ জিনিসটা (পুলিশ ভেরিফিকেশন) ওঠানো যাচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন থাকছে নাকি থাকছে না, এখনই এ ব্যাপারে বলতে পারব না। বাট যদি দেখা যায় যে শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে হয়তো পুলিশ ভেরিফিকেশন তুলে দেব।’

অনেক প্রবাসী আবেদন করেও এমআরপি পাচ্ছেন না, এমন অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এমআরপি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। কিন্তু সেগুলো সরবরাহ করা যায়নি। এ ব্যাপারে পাসপোর্টের ডিজি কথা বলছেন। পাসপোর্টগুলো যেন দ্রুত সরবরাহ করা হয়, সেটির ব্যবস্থা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত