ঈদে শাকিব-নিশোর সঙ্গে সিয়ামের টেক্কা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

জুলাই-আগস্টের পর সিনেমা মুক্তি পেলেও হাতেগোনা কিছু ছাড়া বেশিরভাগই সেভাবে দর্শক টানতে পারেনি। বছরের শেষান্তে মুক্তি পাওয়া সিনেমাগুলো কিছুটা হলেও দর্শক হলে ভিড়াতে পেরেছে। দেশীয় ইতিহাসের প্রেক্ষাপটে ঈদ ছাড়া তেমন একটা দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায় না। আর তাই নির্মাতা-প্রযোজক, হলমালিক থেকে শুরু করে সবাই মুখিয়ে রয়েছেন আসন্ন ঈদ ঘিরে। ইতিমধ্যে কিছু সিনেমার ঘোষণা হয়ে গিয়েছে, যেগুলো ঈদ ঘিরে নির্মিত হচ্ছে।

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগি’, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই তারকার লড়াইয়ে এবার যুক্ত হতে যাচ্ছেন আরেক তারকা সিয়াম আহমেদ। তিনিও হুংকার দিয়ে আসছেন এ ঈদেই।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘জংলি’ সিনেমার একটি নতুন পোস্টার উন্মুক্ত করে হুংকার দিয়েছেন। জানিয়েছেন তিনিও আসছেন ঈদুল ফিতরে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্ত জল/মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।’ সেই সঙ্গে লেখেন, ‘জংলি’ আসছে এই ঈদুল ফিতরে।

এর আগে কয়েক দফায় সিনেমাটির মুক্তি পেছালেও সঠিক সময়ে মুক্তির অপেক্ষা করছিলেন তারা। তাদের মতে, এটি ঈদে মুক্তি দেওয়ার মতো সিনেমা।

দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে সিয়াম আহমেদ বলেন, ‘এর মধ্যেই কয়েকবার সিনেমাটির মুক্তি পিছিয়েছে। একটা সঠিক সময়ে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছি আমরা। দর্শকরাও অপেক্ষা করছেন। আর আমরাও দর্শকদের রি-অ্যাকশন বোঝার চেষ্টা করছিলাম। মনে হয়েছে এটাকে ঈদেই নিয়ে আসা উচিত।’

একই ঈদে আপনার দুই অগ্রজ শাকিব খান এবং আফরান নিশোও তাদের সিনেমা নিয়ে আসছেন। এবার আপনিও ঘোষণা দিলেন। তিন নায়কের টেক্কা কেমন হবে বলে মনে করছেন এমন প্রশ্নে সিয়াম আহমেদের উত্তর, ‘ফিল্ম নিয়ে এই মুহূর্তে বেশি বেশি আলোচনা প্রয়োজন। আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রি বড় করার ক্ষেত্রে সিনেমা নিয়ে অনেক বেশি আলোচনা প্রয়োজন। এখন সেই আলোচনার দিকেই যাচ্ছি আমরা। শুধু আমার সিনেমা নয়, আরও বাকি যাদের সিনেমাই আসুক না কেন, সেগুলো নিয়ে আলোচনা হবে, কথা হবে। যেটা খুবই পজিটিভ দিক। কিছু মানুষ হয়তো থাকে এবং থাকবেই, যারা সবকিছুতে একটু খুঁত ধরার চেষ্টা করে। কারণ কারও কার অন্ধ ভক্ত

থাকবে, এটাই স্বাভাবিক। এটাও একদিকে ভালো। আর যাদের সিনেমা আসছে, আমি তাদের সবাইকেই অনেক সম্মান করি। প্রত্যেকটা কাজের সঙ্গেই তাদের টিমের অক্লান্ত পরিশ্রম থাকে। তারপর একটা সঠিক সময় ঠিক করে, এখন আমাদের এটা দর্শকদের দেখানো উচিত। সবারই উচিত সেটাকে সাপোর্ট করা। আমাদের সবার কাজগুলো ধীরে ধীরে আসছে, আবারও সিনেমা নিয়ে ব্যস্ত হবে দর্শক। আমার কাছে সবকিছু বেশ পজিটিভ মনে হচ্ছে।’

সিনেমাটির জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন সিয়াম। তাই ‘জংলি’র চরিত্রটা এক বছর ধরে আগলে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক। চরিত্রটাকে যাপন করতে, দর্শকদের নতুন কিছু উপহার দিতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি।

তার ভাষ্যে, ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

সিনেমাটির মুক্তির ঘোষণা আসার পর বেশ নড়েচড়ে বসেছেন সিনেমাপ্রেমীরা। শুরু হয়ে গেছে আলোচনা। আসন্ন ঈদে তিন নায়কের টেক্কা, পর্দার লড়াইয়ে কে থাকে এগিয়ে তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া!

এম রাহিমের ‘জংলি’-তে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হয়ে পর্দায় আসছেন শবনম বুবলী। এ ছাড়া রয়েছেন দীঘি। এদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন যীশু সেনগুপ্ত। আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে।

অন্যদিকে শিহাব শাহীনের ‘দাগি’-তে নিশোর সঙ্গে জুটি হচ্ছেন তমা মির্জা। থাকছেন সুনেরাহ বিনতে কামালও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত