এসকে সুরের বাসা থেকে ১৭ লাখ টাকা উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ধানম-ির বাসায় এ অভিযান চালানো হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, দুর্নীতির মামলায় গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা শাখার সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

দুদকের তথ্যমতে, ২০২৩ সালের ৩১ আগস্ট এসকে সুর চৌধুরী, স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে কর ফাঁকির মামলার তদন্তের অংশ হিসেবে অ্যাকাউন্টের বিবরণী চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দেয় দুদক। পরে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস করে দুদক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় গত বছরের ২৩ ডিসেম্বর এসকে সুর চৌধুরী, স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত