মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়ালালামপুরের অভিবাসন পরিচালক ওয়ান সুপি ওয়ান ইউসুফের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থান করা এবং বৈধ ভ্রমণ কাগজপত্র না থাকার কারণে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
ওয়ান সাউপি বলেন, জনপ্রিয় পর্যটন স্পটে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযান শুরু হয় এবং সংস্থাটি জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে এটি পরিচালিত হয়। ওয়ান সাউপি বলেন, আটকদের মধ্যে ৭১ বাংলাদেশি ছাড়াও ৬০ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন নেপালের, তিনজন পাকিস্তানের এবং একজন করে মিসর ও সুদানের নাগরিক রয়েছেন।
ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের কুয়ালালামপুর অভিবাসন বিভাগের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। অভিযানে ৬১ অভিবাসন কর্মকর্তা এবং ৩০ কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) কর্মী জড়িত ছিলেন।
