বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট মহড়া বিএসএফের

বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। পরে বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়। আল-আমিন নামে ওই ব্যক্তি দ্বীপনগর গ্রামে আইজউদ্দিনের ছেলে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বিকেল সোয়া ৪টায় এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখা এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে আল-আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ও বিএসএফের অধিনায়ক বিপেন কুমার নেতৃত্ব দেন। বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল-আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের বিষয়টি জানান।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বলেন, শুক্রবার সকালে কয়েকজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমান্তের খুব কাছে ছিলেন আল-আমিন। সন্দেহবশত তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি একজন সাধারণ খেটেখাওয়া মানুষ। পরে পতাকা বৈঠকের পর আল-আমিনকে বিএসএফের কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে। বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ ব্যাপারে পতাকা বৈঠকে তাদের আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।

বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট মহড়া বিএসএফের : বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত বুধবার থেকে শুরু হওয়া এই অপস অ্যালার্ট মহড়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এ মহড়া শুরু করা হয়েছে।

২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর জাতীয় পর্যায়ে এদিনটি ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটার জুড়ে ফিল্ড ফর্মেশন অপস অ্যালার্ট মহড়া শুরু করা হয়েছে বলে জানায় বিএসএফ।

বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) ও অন্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। দেশটির সঙ্গে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত