কেসিসির সাবেক নারী কাউন্সিলর জলি গ্রেপ্তার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

খুলনা সিটি করপোরেশনের  (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের অপসারিত নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর ৯০/১২ মোল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় বলেন, জেসমিন পারভীন জলি মারামারি ও গোলাগুলি মামলার সন্দেহভাজন আসামি। তাকে পরবর্তীতে রিমান্ডের আবেদন করে এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম জানান, অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। 

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত