রাষ্ট্রদ্রোহ মামলা

চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ এএম

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি উচ্চ আদালত। তবে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। চিন্ময় দাসের জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। অ্যাডভোকেট অপুর্ব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে চট্টগ্রামে একবার ম্যাজিস্ট্রেট আদালতে এবং একবার দায়রা আদালতে জামিনের আবেদন নাকচ হয়েছিল। আমরা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলাম। আদালত জামিন না দিয়ে রুল দিয়েছে। কেন তাকে জামিন দেওয়া হবে না রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলেছেন হাইকোর্ট।’ গত ২ জানুয়ারি এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ করে আদেশ দেয়। পরে ১২ জানুয়ারি হাইকোর্টে জামিনের এ আবেদন করেন তার আইনজীবীরা।

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয় চিন্ময় দাস ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরে ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলাটি করেন। গত ২৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এদিন চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত