ইরান-আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ এএম

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ পদক্ষেপের আওতায় রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তি। যারা ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি সরকার এখনো তাদের তেল রাজস্ব ব্যবহার করে পারমাণবিক কর্মসূচি বিকাশ, প্রাণঘাতী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির পাশাপাশি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু ব্যক্তি ও সংস্থা রয়েছে। অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, ইরান যেন কোনোভাবেই এসব ক্ষতিকর কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করতে না পারে। ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো ফের পর্যালোচনা ও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা যায়। সেই নির্দেশের প্রতিক্রিয়ায় অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে মনে করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা বহাল রেখেছিল এবং নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এদিকে, আরেকটি নির্বাহী আদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। একই সঙ্গে আইসিসিকে অবৈধ সংস্থা বলেও অভিহিত করেন তিনি। নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক কর্মকতা বিষয়টি নিশ্চিত করেছেন। এই নির্বাহী আদেশের আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত