দুবাইয়ে ড. ইউনূস

যত দ্রুত সম্ভব নির্বাচন, হতে পারে ডিসেম্বরেও

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেকটিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসন এ অধিবেশন সঞ্চালনা করেন। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশন প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখন আমরা যেটা করব, সেটা হলো ঐকমত্য গঠন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা; এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব, কারণ আমি সে কাজেই আনন্দ পাই।

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় গতকাল দুবাইয়ে ডব্লিউজিএসের ফাঁকে এ সাক্ষাৎ হয়।

বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এ বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনার উপস্থিতি এ সমাবেশকে আরও উজ্জ্বল করেছে।’

ইউএইর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি।’ এ সময়ে উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, ‘ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে।’

মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান। তিনি ১০ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক : ড. ইউনূস গতকাল দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠকে যোগ দেন। তিনি ডব্লিউজিএসের সাইডলাইনে এ বৈঠকে যোগ দেন।

ড. ইউনূস-ইলন মাস্কের টেলিফোনালাপ : প্রধান উপদেষ্টা ড. ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয় বলে তার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন।

দুবাইয়ে প্রধান উপদেষ্টা : ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে স্থানীয় সময় গত বুধবার রাত সোয়া ১১টায় ড. ইউনূস দুবাই পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি ড. ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।

ড. ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং এক দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এ সম্মেলনের বিষয়ে অবহিত করেন।

উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইটটি গত বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত