ধ্বংসযজ্ঞ থেকে দেশ পুনর্গঠন করতে হবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ এএম

আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই।’

গতকাল রবিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, গণতন্ত্র, নির্বাচনীব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রহসন করেছে। বিরোধী দলের প্রতি দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে একচ্ছত্র অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই।’

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা ও বেলুন ওড়ান অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কু-ু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ। এ সময় নড়াইল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর ও মনিরুল সাধারণ সম্পাদক : নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতি এবং মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ইজাজুল হাসান বাবু সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন শেষে গতকাল সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ফল ঘোষণা করেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে জেলার চারটি থানা ও তিনটি পৌরসভার সাতটি ইউনিটের কাউন্সিলর ছিলেন ৭০৭ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন। তাদের মধ্যে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মণ্ডল পেয়েছেন ২৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে মনিরুল ইসলাম ৬৩৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট এবং অ্যাডভোকেট মো. কামরুল হাসান পেয়েছেন ১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। তাদের মধ্যে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২৭২ ভোট পেয়েছেন। এ ছাড়া অন্য প্রার্থী মো. টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী এসএম ফেরদৌস রহমান কোনো ভোট পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত