জামায়াত আমির বললেন

জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্ট একটা গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ ধরনের অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদের জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না।’ তিনি বলেন, ‘আপনি যখন একটি পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করেন, তখন এর বোঝা গিয়ে পড়ে ১৮ কোটি মানুষের ঘাড়ে। একজন ভিক্ষা করা মানুষের ওপর, একজন পরিচ্ছন্নতাকর্মীর ওপর পড়ে। জুলুম-চাঁদাবাজি বন্ধ করেন। সাড়ে ১৫ বছর ঘরে বন্দি ছিলেন। ঘর থেকে বের হতে পারেননি। বর্তমান পরিস্থিতিকে আল্লাহতায়ালার নিয়ামত হিসেবে মনে করুন। আল্লাহ তাহলে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবে, দেশবাসীও ঘুরে দাঁড়াতে পারবে।’

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন কোনো পৌরসভা ওয়ার্ডে মেয়র-কাউন্সিলর নেই, একজন প্রশাসক দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্বাচিত নন, তাই জনগণের কোনো দায় তাদের ওপর নেই। সিটি করপোরেশন পৌরসভাগুলো এখন অভিভাবকশূন্য, জনদুর্ভোগ নির্মূলের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা জনসভায় জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘দুর্নীতি-দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, এমন রাজনীতি করা যাবে না। যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়, দুঃশাসন থেকে জাতি মুক্তি চায়। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ইসলামি কোনো দল চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমবাজির সঙ্গে কখনো যুক্ত হয় না। কারণ তারা আল্লাহকে ভয় করে। ২৫ তারিখের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে তিন কোটি জামায়াত নেতাকর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি।’

জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সভা সঞ্চালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত