ইমাম আবু হানিফা (রহ.) অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামি আইন শাস্ত্রবিদ এবং হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা। ফিকহ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের বিষয়টি তাকে পৃথিবীব্যাপী বিখ্যাত করেছে। সারাটি জীবন ফিকহ শাস্ত্র চর্চায় কাটিয়েছেন। তিনি ছিলেন তাবেয়ি। কয়েকজন বিখ্যাত সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন। তাদের থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন। মহান এই ইমামের জীবনী বিস্তারিত উল্লেখ করা হলো।
জন্ম ও শৈশব : ইমাম আবু হানিফা (রহ.)-এর পুরো নাম নোমান ইবনে সাবেত। তার জন্ম হয়েছিল ইরাকের কুফা নগরীতে ৮০ হিজরি মোতাবেক ৬৯৯ খ্রিস্টাব্দে। কুফা ছিল সে সময় ইসলামি জ্ঞানের অন্যতম কেন্দ্র, যেখানে অনেক সাহাবি ও তাবেয়ি বসবাস করতেন। ইমাম আবু হানিফা (রহ.)-এর পরিবার পারস্য থেকে আগত হলেও তারা ইসলাম গ্রহণের পর কুফায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার দাদা মুসলমান হয়েছিলেন ইসলামের প্রথম যুগেই। তারা পরিবারিকভাবে কাপড়ের ব্যবসায়ী ছিলেন। রেশম বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন।
কুফা নগরীতেই ইমাম আবু হানিফা (রহ.)-এর শৈশব ও কৈশোর কেটেছে। তিনি ব্যবসার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেছিলেন। তার প্রথম দীক্ষা শুরু হয় কুফার স্থানীয় আলেমদের কাছে। তার অসাধারণ জ্ঞানপিপাসা এবং ইসলামি জ্ঞানের বিভিন্ন শাস্ত্রের প্রতি গভীর আগ্রহ তাকে মহান ফকিহ হিসেবে পরিণত করে।
শিক্ষা ও শিক্ষক : ইমাম আবু হানিফা (রহ.)-এর অন্যতম একজন শিক্ষক ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান (রহ.), যিনি ছিলেন ইরাকের প্রখ্যাত ফকিহ। ইমাম আবু হানিফা (রহ.) প্রায় ১৮ বছর এই শিক্ষকের সান্নিধ্যে থেকে ইসলামি ফিকহ তথা আইনশাস্ত্র অধ্যয়ন করেন। এই দীর্ঘ সময়ে তিনি হাম্মাদ (রহ.)-এর পাঠক্রমের গভীরে প্রবেশ করেন এবং নিজের বিশ্লেষণী ক্ষমতাকে শানিত করেন। তিনি এই শিক্ষকের প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে, নিজের ছেলের নামও হাম্মাদ (রহ.)-এর নামে রাখেন।
শুধু হাম্মাদ ইবনে আবি সুলাইমান (রহ.) নয়, বরং তিনি মক্কা ও মদিনার শীর্ষস্থানীয় আলেমদের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেন। মক্কায় থাকাকালীন তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এবং আতা ইবনে আবি রবাহ (রহ.)-এর অনুসারীদের সান্নিধ্য লাভ করেন।
ব্যবসা-বাণিজ্য : ইমাম আবু হানিফা (রহ.) শুধু একজন মহান ফকিহ ছিলেন না, তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। তার পিতা ও দাদা রেশমের ব্যবসায় জড়িত ছিলেন। তিনি সেই ব্যবসার উত্তরাধিকারী হোন। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী। তিনি কখনো ব্যবসায়িক লেনদেনে প্রতারণা করতেন না এবং সর্বদা গ্রাহকদের সঠিক মূল্য দিতেন। তার সততা, বিশ্বস্ততা ও নীতিবোধের কারণে অনেকেই তাকে খলিফা আবু বকর (রা.)-এর সঙ্গে তুলনা করতেন।
আত্মসংযম : যদিও ইমাম আবু হানিফা একজন সফল ব্যবসায়ী ছিলেন, তবুও তার জীবনে দুনিয়াবি বিলাসিতার কোনো স্থান ছিল না। তিনি ছিলেন পরিশুদ্ধ আত্মার অধিকারী, যিনি সর্বদা আখেরাতের প্রতি মনোনিবেশ করতেন। তার এই আত্মসংযমের সবচেয়ে বড় উদাহরণ হলো, তিনি খলিফা আবু জাফর আল-মানসুরের সময় বিচারকের পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি মনে করতেন যে, বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে তিনি ন্যায়বিচার করতে নাও পারেন বা অন্যায়ের স্বীকার হতে পারেন। খলিফা তার এই অস্বীকৃতিতে ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে প্রেরণ করেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফিকহ শাস্ত্রে অবদান : ইমাম আবু হানিফা (রহ.) ইসলামি ফিকহ বা আইন শাস্ত্রকে একটি সুসংগঠিত আকারে প্রতিষ্ঠা করেন। তার ফিকহি দৃষ্টিভঙ্গি ছিল বাস্তবসম্মত ও যুক্তিনির্ভর। তিনি কোরআন ও হাদিসকে ফিকহের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করলেও, কিয়াস (তুলনামূলক বিশ্লেষণ) এবং ইজমা (সম্মিলিত মতামত)-এর গুরুত্বকেও বিবেচনা করতেন। তার এই পদ্ধতিগত ফিকহি বিশ্লেষণ ইসলামি আইনশাস্ত্রকে একটি সুসংবদ্ধ কাঠামো প্রদান করে।
তার ফিকহি পদ্ধতি ছিল এমন যে, তিনি এবং তার ছাত্ররা এমন সব প্রশ্ন ও সমস্যার সমাধান খুঁজতেন, যা তখনো বাস্তবে ঘটেনি। উদাহরণস্বরূপ : তিনি এবং তার ছাত্ররা এমনও প্রশ্ন তুলতেন, যদি একটি বিশাল পাখি কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাহলে সে কি মুসাফির হিসেবে গণ্য হবে? এ ধরনের তাত্ত্বিক এবং বাস্তব ঘনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে তার ফিকহি দৃষ্টিভঙ্গি একটি শক্তিশালী ভিত্তি লাভ করে। যদিও পাখির মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার বিষয়টি তখন কাল্পনিক ছিল। কিন্তু এখন তো বিমান বা উড়োজাহাজে করে মুহূর্তেই এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়। ভাবা যায়, তাদের চিন্তা কতটা বিস্তৃত ছিল!
শিষ্য ও উত্তরাধিকার : ইমাম আবু হানিফা (রহ.)-এর সবচেয়ে প্রখ্যাত দুই শিষ্য ছিলেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ (রহ.)। এই শিষ্যরা তার ফিকহি মতবাদ লিপিবদ্ধ করেন এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেন। বিশেষ করে ইমাম আবু ইউসুফ খলিফা হারুনুর রশিদের সময় প্রধান বিচারক হিসেবে নিযুক্ত হন এবং রাষ্ট্রীয় পর্যায়ে হানাফি মাজহাবকে প্রতিষ্ঠিত করেন। তার মাজহাব শুধু ইরাক বা আরব বিশ্বে সীমাবদ্ধ ছিল না; বরং এটি ভারতীয় উপমহাদেশ, তুরস্ক, বলকান, মধ্য এশিয়া, এমনকি চীন পর্যন্ত বিস্তৃত হয়। বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য হানাফি মাজহাবকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে এবং এর মাধ্যমে এটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করে।
সমকালীন আলেমদের প্রশংসা : ইমাম আবু হানিফা (রহ.)-এর প্রতিভা ও অবদান তার সমসাময়িক আলেমদের কাছে বিশেষভাবে স্বীকৃত হয়। ইমাম মালেক (রহ.) তার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন, ‘আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, সে যদি পাথরকে স্বর্ণ বলে প্রমাণ করতে চাইত, তবে সে সেটার জন্য যথেষ্ট যুক্তি দাঁড় করাতে পারত।’ ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.) বলেন, ‘ইমাম আবু হানিফা (রহ.) এমন একজন ব্যক্তি, যিনি জ্ঞান, সাধুতা এবং আখেরাতের প্রতি মনোযোগের ক্ষেত্রে শীর্ষস্থানে ছিলেন।’ ইমাম শাফেয়ি (রহ.) পর্যন্ত তার ফিকহি বিশ্লেষণ এবং চিন্তাধারার প্রশংসা করেছিলেন, যা প্রমাণ করে যে, তিনি তার যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন।
মৃত্যু : ইমাম আবু হানিফা (রহ.) ৭৬৭ খ্রিস্টাব্দে কারাগারে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার জানাজায় প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন, যা সেই সময়ের জন্য বিশাল এক ব্যাপার ছিল। বাগদাদের খিজরান কবরস্থানে তাকে সমাহিত করা হয় এবং তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে ইমাম আবু হানিফা মসজিদ, যা আজও ইসলামি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তার মৃত্যু মুসলিম বিশ্বে বিরাট শূন্যতা সৃষ্টি করেছিল। তবে তার শিক্ষা আজও কোটি কোটি মুসলমানের জীবনে পথপ্রদর্শক হিসেবে বিদ্যমান। তার ফিকহ, দর্শন এবং জীবনের প্রতিটি দিক আমাদের শেখায় কীভাবে বিশ্বাস, ন্যায়পরায়ণতা ও জ্ঞানচর্চার মাধ্যমে একজন মুসলমানের জীবন পরিচালিত হতে পারে।
ইমাম আবু হানিফা (রহ.) শুধু একজন ফকিহ বা আলেম ছিলেন না; বরং তিনি ছিলেন এক প্রগতিশীল চিন্তাবিদ, যিনি ইসলামি ফিকহকে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে একটি সুসংগঠিত কাঠামোতে রূপান্তরিত করেছিলেন। তার শিক্ষা ও দর্শন আজও মুসলিম বিশ্বের আইন ও সমাজের ভিত্তি হিসেবে কাজ করছে। তার সততা, আত্মসংযম এবং আখেরাতের প্রতি গভীর মনোযোগ আমাদের জন্য এক অমূল্য শিক্ষা।
শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেলেও ইমাম আবু হানিফা (রহ.)-এর কাজ আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান, ন্যায় ও সত্যের প্রতি অবিচল থাকা একজন মানুষের জীবনকে অমর করে তুলে। ইমাম আবু হানিফা (রহ.)-এর ইন্তেকালের ১২৫৮ বছর পরও তার জীবন, শিক্ষা ও অবদান মুসলিম বিশ্বের জন্য প্রেরণার বাতিঘর হয়ে আছে। মহান আল্লাহ তাকে জান্নাতে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করুন। আমিন।
