রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির প্রেক্ষাপটে পরিস্থিতির উন্নতিতে চলছে বিশেষ কয়েকটি অভিযান। এগুলোর মধ্যে অপারেশন ডেভিল হান্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযান এবং যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে নতুন করে দুই হাজারের বেশি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬৭৮, অন্যান্য মামলা ও ওয়ারেন্টে (গ্রেপ্তারি পরোয়ানা) ১ হাজার ১২, ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৮৯ এবং যৌথবাহিনীর অভিযানে ঢাকা থেকে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তবে এসব বিশেষ অভিযানেও অপরাধমূলক কর্মকাণ্ডের আশানুরূপ লাগাম টানা এখনো সম্ভব হয়নি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েক দিনে ছিনতাই-ডাকাতি, ধর্ষণ ও হত্যার বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এসব ঘটনায় জড়িতদের বিচার এবং ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আগের কয়েকদিনের মতো গতকাল বুধবারও দেশের কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬৭৮: সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া এই অভিযানে ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন ছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১২ জনকে। সব মিলিয়ে সারা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে এক হাজার ৬৯০ জন। এদের কাছ থেকে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি ম্যাগাজিন,৭টি কার্তুজ, রাইফেলের একটি গুলি, একটি স্টিলের তৈরি দেশীয় কুড়াল, একটি চাপাতি, একটি রামদা, একটি শাবল, একটি ক্ষুর, দুটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮৯ : ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ ডাকাত, ২৮ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৬ চাঁদাবাজ, ১০ চোর, ১৯ চিহ্নিত মাদক কারবারি এবং ৪৫ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িতরা রয়েছে বলে জানানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত সোমবার রাত ১২টা থেকে গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৩০২ পিস ইয়াবা, এক কেজি ১৪০ গ্রাম গাঁজা, দুই ক্যান বিয়ার ও দুই বোতল ফেনসিডিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। উল্লেখিত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৬৫টি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়াও ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫১: রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং কুট্টি গ্রুপের নেতা রাসেল ও তার সহযোগীসহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৫১ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সিংড়ায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার: নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন-সিংড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সাজু ও তাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ছিনতাই : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাতার প্রবাসীকে বহনকারী গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে মহাসড়কের মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুরে ট্রেনে বৃদ্ধের মরদেহ: ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়ায় পুকুরে যুবকের লাশ : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়াপুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ : সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং চুরি, ছিনতাই, ডাকাতিতে জড়িতদের শাস্তি দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
পটুয়াখালীতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ : সারা দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সকাল এগারোটার দিকে কলাপাড়ার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল মুন্সীগঞ্জ : দেশ জুড়ে চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সীগঞ্জ শহর উত্তাল হয়ে ওঠেছে। করা হয়েছে বিক্ষোভ মিছিল, গণসাক্ষর সংগ্রহ ও মানববন্ধন। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার সব স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।
