নতুন রাজনৈতিক দলের সাফল্য কাম্য

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:১০ এএম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাফল্য কামনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নতুন পরিবেশে, নতুন পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। আমি সাবেক ছাত্রনেতা হিসেবে গৌরববোধ করছি ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে। আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করছি। গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই দলের সাফল্য কামনা করেন।

রিজভী বলেন, ‘গতানুগতিকতার বাইরে বেরিয়ে গিয়ে যেভাবে তারা আন্দোলন করেছেন। তাদের ভাষাগুলো ব্যতিক্রমী ছিল। আমি দলের মুখপাত্র হিসেবে কথা বলতে গিয়ে গত বছরের ১৯ জুলাই গ্রেপ্তার হই। ছাত্রদের কমপ্লিট শাটডাউনে বিএনপির সমর্থন ছিল। সে সময় আমাদের দলের অনেককে গ্রেপ্তার করা হয়। আমরা ভেবেছিলাম আন্দোলন কতদূর যাবে। এ আন্দোলন ছিল অধিকারের আন্দোলন। আবু সাঈদ বুক পেতে গুলি খেয়ে শহীদ হয়েছেন। আন্দোলনের মূল বাণী হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে এত শহীদ হতো না। আর গণতন্ত্রের প্রধান বাধা হচ্ছেন শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘কারাগারে থেকে আন্দোলনের খোঁজখবর রাখতাম। আমরা ভাবছিলাম আন্দোলন কতদিন চলবে। এটা তো অধিকারের আন্দোলন। আমরা বিগত ১৬ বছর যে আন্দোলন করেছি তা এই আন্দোলনের মাধ্যমে একটা পরিণতির দিকে ধাবিত হয়। শেষ পর্যন্ত ৫ আগস্ট সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে যান। মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন হয়। মানুষ মনে করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরবে। গণতন্ত্রের চর্চা থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত