তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্য শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দলটির আত্মপ্রকাশ নিয়ে তিনি লিখেছেন, আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। গতকাল শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি এ কথা লেখেন। অন্তর্র্বর্তী সরকারের আইন উপদেষ্টা লিখেছেন, ২০২৪-এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে-কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তার মধ্যে। তিনি আরও লিখেছেন, একদিন আখতার আমার গাড়ি থামিয়ে সালাম দিল। তারপর বেশ কিছুক্ষণ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হলাম। আরও বিরক্ত হলাম; যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে! আমি বললাম, আবার নতুন দল! আর কতবার মার খেতে চাও তুমি! সে (আখতার) মাথা নিচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েক দিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কী বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে!
আসিফ নজরুল লিখেছেন, আমি বুঝতেই পারিনি। নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করল। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাল। আখতারের সংগঠনে নাহিদ হয়ে উঠল এই গণঅভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাইয়ে আমার এবং আমার মতো লাখ মানুষের নেতা! তারপর নাহিদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করল; তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে!
সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপদেষ্টা আরও লিখেছেন, নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার বাসার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র্য বিষয়!
