সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন সুদানের বিপক্ষে শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। তবে সেই ম্যাচটা খেলা হয়নি তাদের। সৌদির তায়েফ শহরে তাই আরেকটা দিন ট্রেনিং করে কেটেছে জামাল ভুঁইয়াদের।
তবে ম্যাচটা দু'দল কাল খেলতে পারে বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান। দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকার কারণেই ম্যাচটা খেলা হয়নি।
আমের খান বলেন, 'আজকে (শনিবার) আমাদের একটা প্রস্তুতি ম্যাচের কথা ছিল সুদানের বিপক্ষে। সুদানের কোচ চেয়েছিলেন খেলতে, কিন্তু আমাদেরকে বলেছিলেন ৯ তারিখে ম্যাচটা খেলার জন্য। আমরা ৮-৯ তারিখের মধ্যে কোনটিতে খেলব, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম। রাতেও তারা বলেছে ৮ তারিখে (শনিবার) ম্যাচ খেলবো। তবে সকালবেলা তারা বলেছে আজকে তারা খেলতে পারবে না ম্যাচটা তারা পরবর্তীতে খেলবে।'
দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন কাবরেরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতিটা ঠিকঠাক সাড়তেই তিনি চেয়েছিলেন শীষ্যদের ম্যাচের সুযোগ করে দিতে। সেই লক্ষ্য এখনও আছে। সুদানের বিপক্ষে কাল ম্যাচ হলে তায়েফের স্থানীয় ক্লাবের সঙ্গে আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
শনিবার ম্যাচ না খেললেও প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে বলে জানান সহকারী কোচ হাসান আল মামুন, 'সৌদিতে এসে আমরা শুরুতে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর থেকে টেকনিক্যাল দিকগুলোর দিকে যাচ্ছি। আজকে দুইটা ভিডিও সেশন ছিল, সেখানে ভারতের দুর্বল দিকগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। পাশাপাশি সামনের যে সেশনগুলো আসবে, ওরা যে জায়গাগুলোতে শক্তিশালী, ওই জায়গাগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব, সেটা নিয়ে কাজ হবে। সব মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে, সবাই ক্রমান্বয়ে উন্নতি করছে, প্রত্যেকেই খুবই শিহরিত, রোমাঞ্চিত ভালো কিছু দেয়ার জন্য। প্রত্যেকেই তাদের চূড়ান্ত দিচ্ছে এফোর্ট দিচ্ছে অনুশীলনে।'
এদিকে একদিন পর তায়েফে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। ভিসা জটিলতার কারণে তাকে রেখেই ৫ মার্চ ঢাকা ছাড়তে হয়েছিল দলকে। দলের সঙ্গী হওয়া রহমত বলেন, 'দলের সকলে সুস্থ আছে। সবাই অনুশীলন করেছে ভালোভাবে। মাঠে এবং মাঠের বাইরে আমাদের প্রস্তুতি চলছে। আশা করছি, আমরা ভালো করব (ভারতের বিপক্ষে)।'
একদিনের প্রস্তুতির ঘাটতি কোন নেতিবাচক প্রভাব ফেলবে না জানান এই অভিজ্ঞ ডিফেন্ডার, 'আসলে আমি ভিসা জটিলতার কারণে দলের সাথে সৌদি আরবে ফ্লাই করতে পারিনি। এক দিন পরে এসেছি কিন্তু আমার মনে হয় না, এই এক দিনের জন্য ফিটনেসে কোন সমস্যা হবে। যখন ঢাকাতে ছিলাম, রিজেন্সি হোটেলে ছিলাম, সেখানে আমি রিকভারি সেশন, জিম সবকিছু করেছি।'
তায়েফে বাংলাদেশের ফুটবলারদের বৈরী আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। রহমত বলেন, 'সৌদিতে আসার আগে আমরা আসলে প্রত্যাশা করিনি এতটা ঠাণ্ডা পড়বে। এর আগে আমরা সৌদিতে অনুশীলন করেছি কিন্তু এত ঠান্ডা, এত উইন্ডি ছিল না। কিন্তু এটা আমাদের জন্য ভালো, আমি যতটুকু জেনেছি শিলংয়ে উচ্চতায় ও ঠাণ্ডা আবহাওয়ায় খেলতে হবে, সে ক্ষেত্রে এখানে মানিয়ে নিতে পারলে ম্যাচটা আমাদের জন্য সহজ হবে এবং আমরা ভালো করতে পারব।'
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে আত্মবিশ্বাসী শুবমান গিল
ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন শোয়েব আখতার
ওয়ানডে ক্রিকেট মরে গেছে, মঈন আলী
ক্রিকেটারদের ব্যতিক্রমী শপথ পড়ালেন শান্ত