সংস্কার করে নির্ধারিত সময়ে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি

ইফতার অনুষ্ঠানে নাহিদ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, অ্যাকটিভিস্ট আলেম, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইফতারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ বিভিন্ন ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে বাংলাদেশ ও দেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি-টেন্ডারবাজি চলবে না।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক মিশন-লক্ষ্য আলাদা হতে পারে। তবে আমরা এটা বলতে পারি যে, আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসিবাদবিরোধী পক্ষ। যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার অনুরোধ জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাই না। সব দলকে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, এ রমজানের ইফতারের মধ্য দিয়ে আমাদের যে বিভেদ রয়েছে, সেটি দূর করতে পারব। আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি শিগগির আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত