তওবার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৭ এএম

তওবা, ক্ষমাপ্রার্থনা ও আত্মশুদ্ধির মাস রমজান। এই মাসে মহান আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন, বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন। গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যম তওবা। আর গুনাহ থেকে মুক্ত না হলে আত্মার পরিশুদ্ধিও অর্জন করা যায় না। তাই এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগিয়ে তওবার মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি করা উচিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদাররা! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা নুর ৩১)

রমজানে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ক্ষমা ও মুক্তি লাভের মাস। মহান আল্লাহ গুনাহগার বান্দাদের তওবার মাধ্যমে ইসলামের পথে ফিরে আসার জন্যই রমজানের মতো ফজিলতময় মাস দান করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমান ও ইখলাসের সঙ্গে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি ২০১৪) এই মাসে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের বিশেষ সুযোগ থাকে। তাই আমাদের উচিত বেশি করে তওবা, ইসতেগফার ও ক্ষমা প্রার্থনা করা।

সহিহ নিয়মে তওবা করার পদ্ধতি উল্লেখ করা হলো। এক. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। হৃদয় থেকে অনুশোচনা অনুভব করা এবং বুঝতে পারা যে, এটি আল্লাহর অবাধ্যতা ছিল। দুই. গুনাহ পরিত্যাগ করা। অতীতের গুনাহ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা। তিন. মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আন্তরিকভাবে দোয়া করা এবং কোরআন-হাদিসে বর্ণিত ইস্তিগফারের দোয়া পড়া। চার. পুনরায় সেই গুনাহ না করা। যদি গুনাহটি মানুষের হক সংশ্লিষ্ট হয়, তবে সেটার ক্ষতিপূরণ দেওয়া জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত