গাজায় ইসরায়েলের হামলায় নিহত চার শতাধিক

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা চার শো ছাড়িয়েছে। আহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আরও বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে দাবি করেছে স্থানীয়রা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস, উত্তরের গাজা সিটি, মধ্য গাজার দেইর আল-বালাহ ও দক্ষিণের রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের আবাসিক শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে। একই সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলার পরিকল্পনা জেনেই তারা আগে থেকে হামলা শুরু করেছে। তবে যথারীতি এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং বাকি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হওয়ায় হামাসের বিরুদ্ধে সামরিক বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমানভাবে হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করবে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার কারণে আবারও গাজায় অভিযান শুরু করা হয়েছে। আইডিএফ প্রস্তুত আছে এবং সমগ্র অঞ্চল জুড়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সামরিক কর্মকর্তারা জানান, হামাসের নেতারা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে তেল আবিবের এসব দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েলের বিরুদ্ধে একতরফাভাবে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার কথা বলেছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আড়াই শ জনের বেশি মানুষকে। তাদের মধ্যে অনেককে মুক্তি দিয়েছে হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজা কর্র্তৃপক্ষের হিসাবে, এই হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। তবে দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে নিজবাড়িতে ফেরা ফিলিস্তিনিরা আবার ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত