বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

বায়ুদূষণের মাত্রায় বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় গত কয়েক দিন ধরে ঢাকা শীর্ষ দশে অবস্থান করছে। বেশিরভাগ সময়ই ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ শনিবার সকালেও ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে এবং এদিনও বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ রেকর্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা ২৭ মিনিটে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকা তৃতীয় স্থানে ছিল। তার আগের দিন ঢাকার অবস্থান ছিল অষ্টম স্থানে। তবে শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ২২৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ৩০০-এর বেশি হলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে এই তালিকা তৈরি করা হয়। যদিও ঢাকার বায়ুমানের অবনতি ঘটলেও প্রায়শই তালিকায় নিচের দিকে চলে আসে শহরটির অবস্থান। তবে বেশিরভাগ সময়ই ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়ে থাকে।

শনিবার বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা ছাড়াও রয়েছে পাকিস্তানের লাহোর (১৯২), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১) এবং ভিয়েতনামের হ্যানয় (১৬৯)।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার নিয়মিত বায়ু পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বাতাসের গুণমান সূচক (একিউআই) প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। উচ্চ মাত্রার বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকার বায়ুদূষণের এই চিত্র শহরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত