চা-কফি পানের সঠিক বয়স কোনটি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪২ এএম

বাসায় যখন বড়রা চা পান করেন, ছোটদেরও পিরিচে ঢেলে একটু চা খেতে দেওয়া হয়। কিন্তু চা-কফিতে আছে ক্যাফেইন। ক্যাফেইন শিশুদের শরীরে কতটা প্রভাব ফেলে অনেকেই জানি না।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) মতে, ক্যাফেইন আছে, এমন পানীয় শিশুদের জন্য অনুপযুক্ত। এর মধ্যে আছে রঙ চা, কফি,  কোমল পানীয় ইত্যাদি। ক্যাফেইন শরীর চাঙ্গা করে তোলে। শিশুর ঘুম খুব গুরুত্বপূর্ণ। শরীর ও মনের বিকাশ ও বৃদ্ধিতে ঘুম দরকার। তাই ক্যাফেইন গ্রহণ করলে শিশুর ঘুমের অসুবিধা হয়।  চা-কফির ক্যাফেইন সাময়িকভাবে রক্তচাপ আর হৃৎস্পন্দন বাড়িয়ে তোলে। বড়দের জন্য ক্লান্তি দূর করতে কার্যকরী হলেও ছোটদের ক্লান্তি দূর করতে ঘুম দরকার।

গবেষণায় দেখা গেছে, যদি শিশু ক্যাফেইন আছে এমন পানীয় পান করে, তবে পরিমাণ কমানো উচিত। দুপুরের খাবারের পর শিশু যেন এগুলো না খায়। খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস সুপারিশ করেছে, ১২ বছরের কম বয়সী শিশুদের কোনো রকম ক্যাফেইন জাতীয় পানীয় পান করতে দেওয়া উচিত নয়। শিশু বা কিশোরদের কোমল পানীয় পান করা অনুচিত। বয়সের কারণে ছোটদের ওপর ক্যাফেইন বেশি প্রভাব রাখতে পারে। বড়রা এক মগ চা পান করলে শরীরের আকৃতির তুলনায় যতটুকু ক্যাফেইন গ্রহণ করে, ছোটদের আকৃতির কারণে এই এক মগ চায়ের ক্যাফেইন অনেক বেশি হয়ে যায়।

শিশুদের কার্ডিওভাসকুলার এবং স্নায়ুতন্ত্রের ওপর ক্যাফেইনের প্রভাব কী, তা সঠিকভাবে এখনো জানা যায়নি। তবে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা  সতর্ক করেছেন, বেশি পরিমাণে ক্যাফেইন শিশুদের জন্য ‘বিপজ্জনক’ হতে পারে। শিশুদের উদ্বেগ, রক্তচাপ, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা আর অ্যাসিডিটি তৈরি করে। এমনকি বিষাক্তও হতে পারে।

শিশুকে চা, কফি দেওয়া হবে কি না বা কতটুকু দেওয়া হবে, তা নির্ভর করে মা-বাবার ওপর। যদি শিশুকে ক্যাফেইনযুক্ত খাবার বা পানীয় দেওয়ার কথা কেউ ভাবেন, তবে সেগুলোতে কিছু পুষ্টিগুণ আছে, এমন খাবার বা পানীয় দেওয়া উচিত। শিশুর জন্য সব সময়ই এমন খাবার বেছে নেওয়া উচিত, যার মধ্যে সর্বাধিক পুষ্টি আছে। ভালো মানের চকলেট তৈরিতে কাঁচা কোকো ব্যবহার করা হয়। যেখানে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। চা-কফিতে শুধু ক্যাফেইন থাকে না, প্রচুর পরিমাণে উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তবে পুষ্টিবিদরা শিশুদের জন্য  কোমল পানীয় পুরোপুরি বাদ দেওয়ার পরামর্শ দেন। বেশিরভাগ ক্ষেত্রে এতে কোনো পুষ্টি থাকে না। রাসায়নিক পদার্থ আর চিনি দিয়ে ভরপুর।

ইউরোপের কিছু দেশের সরকার ১৬ বছরের কম বয়সীদের কাছে  কোমল পানীয় বিক্রি নিষিদ্ধ করার কথা বলেছেন। এমনকি খুচরা বিক্রেতারা আইন ছাড়াই নিজেদের ইচ্ছায় ১৬ বছরের কম বয়সীদের কাছে কোমল পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছেন।

কেউ কেউ বলেন, ক্যাফেইন শিশুদের শারীরিক বৃদ্ধিকে থামিয়ে দেয়। তবে গবেষণায় এর কোন প্রমান পাওয়া যায়নি। হার্ভার্ড মেডিকেল স্কুল জার্নাল বলছে, এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত