‘এক যুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না। টাকার বিনিময়ে মনোনয়ন কেনা, দিনের ভোট রাতে করা, অনির্বাচিত হয়েও সংসদে যাওয়া, এমন রাজনীতি হয়েছে’, মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শুক্রবার দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ-পরবর্তী মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে। এই সফরের মধ্যদিয়ে মাঠে-ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই। আমরা জনগণের কাছে জানতে চাই, তারা কী চায়। জনগণের চাওয়া-পাওয়া নিয়ে, তাদের ভোটের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করাই আমাদের লক্ষ্য।’
বাজেট নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘বিগত ১৬ বছরে সব বাজেট ছিল অঞ্চলভিত্তিক। বাজেটের বেশিরভাগ গেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ শুধু দিয়েই গেছে। এ অঞ্চলে ফসল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উত্তরবঙ্গে উৎপাদন হয়। কিন্তু পাওয়ার সময় যতটুকু প্রাপ্য ততটুকু পাইনি। তাই আমরা মনে করি অন্তর্বর্তী সরকার উত্তরবঙ্গের জন্য যতুটুক বাজেট দরকার ততটুকু রাখবে। এই বিশ্বাস রাখতে চাই। কেননা বৈষম্য করে, অন্যায় করে যে বেশিদিন টিকে থাকা যায় না, তার উদাহরণ হচ্ছে খুনি হাসিনা।’
প্রার্থী মনোনয়নে কেমন চ্যালেঞ্জ দেখছেন এ বিষয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি। তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়া। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, তরুণদের নেতৃত্ব যারা পছন্দ করে, যারা সৎ, যোগ্য এমন মানুষকেই আমরা মনোনয়ন দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে ঈদ-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি।
সারজিস আলম বলেন, প্রতিটি জেলা উপজেলায় আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম এক মাসের মধ্যেই শুরু হবে। আমাদের সারা দেশে অনেক সমর্থক রয়েছে। শুভাকাক্সক্ষী রয়েছে। আমরা ২৪-এর স্পিরিটকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সারজিস বলেন, ‘প্রতিটা রাষ্ট্রের মধ্যে আদান-প্রদানের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বন্দর ব্যবহার করে অনেক দেশ ব্যবসা-বাণিজ্য করছে। তবে সমতার ভিত্তিতে তা হতে হবে। কারও একক নিয়ন্ত্রণে নয়। ভারত-বাংলাদেশের সম্পর্ক থাকবে। তবে সেটা হবে শ্রদ্ধা ও সম্পর্কের মাধ্যমে। এ সম্পর্কের যায়গা থেকে কেউ যদি ডমিনেট করার চেষ্টা করে, তাহলে আমরা আর চোখ রাঙানি দেখব না। বাংলাদেশের সঙ্গে ভারত, চীন, আমেরিকার সম্পর্ক থাকবে। এই পারস্পারিক সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বিশ্ব।’
এর আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের নেতারা উপস্থিত ছিলেন।
