শাহবাগে ফুলের দোকানে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩০ এএম

রাজধানীর শাহবাগ মোড়ে ‘ফুলের বাজারে’ অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, রাত ১০টা ৫৫ মিনিটে শাহবাগের ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করেছে।

এর আগে শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে ফুলের দোকানে আগুল লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। আগুনে কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত