সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরের সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রবিবার সকাল ১১টায় ভারত থেকে আমদানিকৃত চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। এর আগে গত ২৮ মার্চ শুক্রবার থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। তবে সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ শুক্রবার থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ (গতকাল রবিবার) সকাল ১১টায় ভারত থেকে চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরে কর্মরত শ্রমিকরা সকাল থেকে বন্দরে আসতে শুরু করেন এবং কাজে যোগ দেন। এতে করে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা বিভিন্ন পণ্য কিনতে হিলি স্থলবন্দরে আসতে শুরু করেছেন। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
