কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ এএম

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হওয়ায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে এলাকাটিতে পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এ ছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান এলাকায় থাকা অন্যান্য দূতাবাসেও।

গতকাল সোমবার সকাল থেকে ঢাকায় আমেরিকার দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুন বাজার (গুলশানসংলগ্ন সড়ক) এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

দেখা গেছে, দূতাবাসের বিপরীতে নতুন বাজার সড়ক এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখানে তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে সড়কে জড়ো হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। তার ঠিক বিপরীতে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা। তার কয়েক হাত সামনেই অবস্থান নিয়েছিলেন বিজিবি সদস্যরা।

বিক্ষোভ মিছিল থেকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘নিউ ইয়র্ক উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দুপুর ২টার পর বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

এ বিক্ষোভ ঘিরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশের জনগণ। সেজন্য এখানে দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা সংস্থা এবং ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তাকর্মীরা কাজ করছেন। এ ছাড়া নতুন বাজার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসসংলগ্ন সড়ক দিয়ে গুলশানগামী সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখান দিয়ে জনসাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত