প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার  মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদমর্যাদা দেওয়ার কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে জানানো হয়, এই পদে থাকাকালে আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত বছর ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত