প্রাণ-আরএফএল থেকে সৌরবিদ্যুৎ নেবে এইচঅ্যান্ডএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

প্রাণ-আরএফএল গ্রুপ সৌরবিদ্যুৎ থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে। আর এ বিদ্যুৎ কিনবে বিশ্বের খ্যাতনামা পোশাক বিপণনকারী সুইডিশ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম (হেন্স অ্যান্ড মরিটজ)। এইচঅ্যান্ডএমের পোশাক তৈরি করে যেসব কারখানা, সেগুলোতে ব্যবহার হবে এই সৌরবিদ্যুৎ। 

গতকাল বুধবার বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এ বিষয়ে এইচঅ্যান্ডএম, প্রাণ-আরএফএল ও বিশ^ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

প্রাণ আরএফএল বলছে, মৌলভীবাজার জেলায় অবস্থিত ভোগ্যপণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির সমন্বিত কৃষি খামারে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই জ্বালানি উৎপাদনে অর্থায়ন করবে আইএফসি। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মৌলভীবাজারের সমন্বিত কৃষি খামারে ৩৫০ একর জমি রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের। এই জমিতে সৌর প্যানেল স্থাপন করা হবে।

 বৈশ্বিক ক্রেতারা কার্বন নিঃসরণ টেকসই উৎপাদনব্যবস্থার দিকে নজর দিচ্ছেন। এইচঅ্যান্ডএম পরিবেশের ওপর কার্বন নিঃসরণের প্রভাব কমাতে এবং টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান  চৌধুরী বলেন, আমরা প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করব। এ  ক্ষেত্রে ক্রয়-বিক্রয় ও সরবরাহের জন্য সরকারকে নীতি সহায়তা দিতে হবে। যত দ্রুত নীতি সহায়তা দেওয়া হবে, তত দ্রুত আমরা কাজ শুরু করতে পারব।

অনুষ্ঠানে আইএফসি’র পরিচালক ও এশিয়া প্যাসিফিক রিজিওনের প্রধান বিক্রম কুমার বলেন, পরিবেশের ওপর প্রভাব কমাতে এবং টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি প্রয়োজন। সে জন্য আমরা প্রাণ আরএফএলকে সহায়তা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত