জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:২০ এএম

সাধারণ নির্বাচনের প্রায় দেড় মাস পর নতুন জোট সরকার গঠনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা ও দরকষাকষির পর জার্মানির মধ্য-বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে (এএসপিডি) সঙ্গে নিয়ে সরকার গঠনে একমত হয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) আর তাদের বাভারিয়া রাজ্যের সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)। বুধবার রাজধানী বার্লিনে দুপক্ষ থেকেই জোট গঠনের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। সিডিইউর দলনেতা ফ্রিডরিশ মের্ৎস, সিএসইউর দলনেতা মার্কোস স্যোডার এবং এএসপিডির রাজনীতিবিদ সাসকিয়া এসকেন ও ক্লিংবাইল উপস্থিত ছিলেন। জোটের ঘোষণার সময়ে দেওয়া বক্তৃতায় ফ্রিডরিশ মের্ৎস, জোট সরকার আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

জার্মানির ২১তম জাতীয় নির্বাচন হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। ৬৩০ আসনবিশিষ্ট জার্মানির পার্লামেন্টে এবারের নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) দলটি পেয়েছিল ২০৮টি আসন। কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ১৫২টি আসন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এএসপিডি) ১২০টি আসন, পরিবেশবাদী গ্রিন পার্টি ৮৫টি আসন এবং বাম দল দ্য লিংকে পেয়েছিল ৬৪ আসন আর সারা ভাগেকèাসটের দল (এসএসভি) পেয়েছে এক আসন। এই নির্বাচনে অন্যতম আলোচিত বিষয় ছিল, কট্টরবাদীদের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মান গণতন্ত্রে এই প্রথম পার্লামেন্টে ১৫২টি আসন নিয়ে কট্টরবাদী এএফডি দলটি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে।

জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন সিডিইউ নেতা ফ্রিডরিশ মের্ৎস। তিনি বলেন, আমাদের সামনে একটি শক্তিশালী পরিকল্পনা রয়েছে, যেটি নিয়ে আমরা আমাদের দেশকে যৌথভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। তিনি আরও বলেন, জোটের এই চুক্তি দেশের নাগরিকদের কাছে একটি শক্তিশালী বার্তা। নির্বাচনের আগে সিডিইউ ও এএসপিডি সরকার পরিচালনার নীতি নিয়ে একে অন্যের সমালোচনায় মুখর থাকলেও নির্বাচনের পর সমঝোতা বা জোট সরকার গঠনের লক্ষ্যে ১৯ বার বৈঠক করেছে। বিভিন্ন নীতিতে একে অন্যকে ছাড় দিয়ে ৯ এপ্রিল ১৪৪ পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখা সামনে এনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত