মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয়, সেজন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিএমপির বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা ও পল্লবী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন ।
জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের অধস্তন ফোর্সের থাকা খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকের (গতকাল) পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকা খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। পরিদর্শনকালে আমি দেখেছি, তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। সেজন্য বিভিন্ন থানা সরেজমিন পরিদর্শন করে দেখছি। তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় অর্থসংস্থানের চেষ্টা চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন বা নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয় সেজন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এ সময় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও সঠিক তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে। ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, থানার সামনে প্রেস ব্রিফিংয়ের জন্য সুশৃঙ্খলভাবে জড়ো ও সংগঠিত হওয়ার জন্য সাংবাদিকদের কিন্তু সময় লেগেছে। একইভাবে আমাদের সময় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয়, সেক্ষেত্রে কাজ করা হচ্ছে। পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরও কর্মস্থলে যোগদান করছে না, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটা তালিকা দিন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা জানেন, ঢাকায় প্রায় সবই নতুন। গত শুক্রবার আওয়ামী লীগের মিছিল হয়েছে। একটা অভিযোগ আসছে আ.লীগ বা তাদের দোসররা বিভিন্ন সময়ে মিছিল করছে। এ বিষয়ে পুলিশ সদস্যদের ইনঅ্যাক্টিভ থাকার বিষয়টি সামনে আসছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে দুজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ : গতকাল সজেমিনের সময় রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে? উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী।’ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন তখন ওই ব্যক্তি বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ সকলেই হাসাহাসি শুরু করে দেন। বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি।
ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে ঝটিকা মিছিলকারীদের : ঝটিকা মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠন সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু/এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্বের জানান দেয়।
