মানুষের জীবনে বিনোদনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কাজের ব্যস্ততা, জীবনের ক্লান্তি ও একঘেয়েমি দূর করতে বিনোদন হৃদয়ে এক ধরনের বিশ্রাম এনে দেয়। তবে ইসলামে বিনোদনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমারেখা রয়েছে। এমন অনেক বিনোদন রয়েছে যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, অপচয়ের দিকে ঠেলে দেয় বা চরিত্রের অবনতি ঘটায়। তাই একজন মুমিনের উচিত হালাল বিনোদনের মাধ্যম বেছে নেওয়া, তা যেমন আনন্দ দেয় তেমনি জ্ঞান ও নৈতিকতা উন্নত করে। এ দৃষ্টিকোণ থেকে বইপড়া নিঃসন্দেহে একটি হালাল, নিরাপদ, উপকারী ও প্রশংসনীয় বিনোদন।
ইসলামের মূল উদ্দেশ্য হলো দুনিয়ায় মানুষের শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনের জন্যই ইসলামের শিক্ষা ও বিধান জীবনমুখী। মানুষের জীবনে যেমন সুখ আছে, তেমনি দুঃখও আছে। উভয়টিই জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই সুখী ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য শুধু শারীরিক নয়, মানসিক প্রশান্তিও প্রয়োজন। এই মানসিক প্রশান্তি অর্জনে আনন্দ ও বিনোদনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মানুষ যখন নীরস ও নিরানন্দ জীবনে অভ্যস্ত হয়ে পড়ে, তখন মনে হতাশা জন্ম নেয়। হতাশাই ধীরে ধীরে মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। তাই আনন্দ ও বিনোদন শুধু বিলাসিতা নয়, বরং এটি জীবনের জন্য খুবই প্রয়োজনীয় ব্যাপার। আনন্দ মানে শুধু হাসির ব্যাপার নয়, বরং এতে আছে পুলক, প্রশান্তি, সন্তোষ, তৃপ্তি, পরিতোষ ইত্যাদি। যেকোনো কার্যকলাপ যা আমাদের মনে প্রশান্তি এনে দেয়, সেটাই বিনোদন। বিনোদনের উপায়-উপকরণ যদি ইসলামি সীমারেখার মধ্যে থাকে এবং কোনো হারাম বা অনৈতিক উপাদান না থাকে, তাহলে তা শুধু বৈধই নয়, বরং সুন্নত হিসেবেও গণ্য হবে। তেমনই হালাল বিনোদনের অন্যতম একটি মাধ্যম হলো ভালো বই পড়া।
বই মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। যে বই আমরা পড়ি, তা আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও জীবনযাত্রার ওপর গভীর প্রভাব ফেলে। একটি ভালো বই পাঠকের হৃদয়ে নৈতিকতার আলো জ্বালায়, চিন্তার গভীরতা বাড়ায় এবং সমাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেয়। বিশেষ করে ইসলামি ও আত্মউন্নয়নমূলক বই একজন মুসলিমকে তার ধর্মীয় কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে।
বইপড়া এমন এক অভ্যাস, যার মাধ্যমে সময়কে সৃজনশীলভাবে ব্যবহার করা যায়। এটি যেমন একাকিত্ব দূর করে, তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়। অনেক সাহাবি ও ইসলামি পণ্ডিতরা জ্ঞানচর্চার জন্য প্রচুর বই পড়তেন। তাদের জীবন ছিল অধ্যয়ন নির্ভর। ইমাম গাজালি, ইবনে কাসির, ইবনে তাইমিয়া প্রমুখ মনীষীদের জীবনে বই পড়ার প্রচণ্ড গুরুত্ব ছিল।
মানব জীবনের অন্যতম সমস্যা নিঃসঙ্গতা। ইসলাম নিঃসঙ্গতা কাটাতে এবং মানসিক প্রশান্তি অর্জনে হালাল বিনোদনকে অনুমোদন দিয়েছে, বরং কিছু ক্ষেত্রে উৎসাহিতও করেছে। প্রিয় নবী মুহাম্মদ (সা.) নিজেও জীবনের নানা পর্যায়ে বৈধ আনন্দ ও বিনোদনকে স্থান দিয়েছেন। সাহাবায়ে কেরামের সঙ্গেও তিনি গল্প করেছেন, হাস্যরস উপভোগ করেছেন। এমনকি খেলাধুলা, কবিতা আবৃত্তি, সাহিত্য রচনা, ইসলামি সংগীত ও সামাজিক আয়োজনে অংশগ্রহণ করেছেন।
সুতরাং ইসলাম আমাদের এমন এক ভারসাম্যপূর্ণ জীবনধারা শিক্ষা দেয়, যেখানে দ্বীন ও দুনিয়ার মধ্যে সমন্বয় রয়েছে। এখানে শুধু ইবাদত নয়, বরং জীবনের প্রতিটি বৈধ আনন্দ ও উপভোগকেও যথার্থ মর্যাদা দেওয়া হয়েছে। নীরবতা নয়, প্রাণচাঞ্চল্য, বিষন্নতা নয়, হাস্যোজ্জ্বলতা, এটাই ইসলামি জীবনের আসল সৌন্দর্য।
আধুনিক যুগে যখন অনেক তরুণ বিনোদনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি ব্যবহার করে সময় নষ্ট করছে, তখন বই পড়া হতে পারে এক কার্যকর বিকল্প। এটি যেমন মানুষকে মানসিকভাবে প্রশান্ত রাখে, তেমনি মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়ক হয়। বই পড়া কেবল সময় কাটানোর মাধ্যম নয়, এটি একটি উপকারী বিনোদন এবং জীবনের গঠনমূলক অংশ। ইসলাম এমন সব কাজকে উৎসাহিত করে যা মানুষের জ্ঞান বৃদ্ধি করে, নৈতিকতা গড়ে তোলে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হয়। তাই বই পড়া নিঃসন্দেহে একটি হালাল ও প্রশংসনীয় বিনোদন।
