দেশে-বিদেশে সোনার দামে নতুন রেকর্ড

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৬ এএম

দেশে-বিদেশে সোনার দাম নতুন রেকর্ড করেছে। আন্তর্জাতিক বাজারে সর্বকালের সবচেয়ে বেশি উঠেছে  সোনার দাম। এর ধারাবাহিকতায় বেড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে এখন প্রতি আউন্স সোনার দাম উঠেছে ৩ হাজার ৪০০ ডলারে। আন্তর্জাতিক বাজারে রেকর্ডের দিনে স্থানীয় বাজারেও ভালো মানের সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

গতকাল সোমবার বাজুস সোনার নতুন দাম ঘোষণা করে যা, আজ (মঙ্গলবার) থেকে সারা দেশে কার্যকর করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার দামে এটি নতুন রেকর্ড। দেশের বাজারে যখন সোনার রেকর্ড দাম তখন বিশ^বাজারেও রেকর্ড উচ্চতায় উঠেছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। যদিও এই দাম বৃদ্ধি আন্তর্জাতিকভাবে সোনার দাম বৃদ্ধির ধারাবাহিকতা।

এর আগে গত ২০ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। এতদিন দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল। এই রেকর্ড দাম নির্ধারণ করতে না করতেই এখন আবার দাম বাড়ানো হলো।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনায় ভরিপ্রতি ৩ হাজার ৮৬০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় ৩ হাজার ২৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে গত ২০ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়। গতকাল পর্যন্ত এ দামেই সোনা কেনাবেচা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত