কানাডায় উৎসবের  ভিড়ের মধ্যে গাড়ি নিহত ৯

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। গত শনিবার রাতে লাপু লাপু উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার এ ঘটনায় ‘একাধিক ব্যক্তি’ আহতও হয়েছে বলে ভ্যাঙ্কুভার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ অ্যান্ড ফ্রেজারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি গাড়ি, একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিনের পাশাপাশি আহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেছেন, আজকের লাপু লাপু অনুষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আমি স্তম্ভিত ও গভীর মর্মাহত। এই অবিশ্বাস্য রকম কঠিন সময়ে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা থাকছে।

পুলিশ প্রথমে ‘বেশ কয়েকজন নিহত’ হয়েছে বলে জানালেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

ঘটনাস্থলে থাকা একটি খাবারের ট্রাকের মালিক বলেন, এটা ভয়াবহ ঘটনা ছিল। তিনি বলেন, গাড়িটি একেবারে সোজা, সরাসরি ভিড়ের মধ্য দিয়ে চলে গিয়েছিল।

আটক ব্যক্তির বয়স ৩০, তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা। পুলিশের কাছে আগে থেকেই তিনি পরিচিত ছিলেন, তবে তার কোনো অপরাধমূলক অতীত আছে কি না তা বলতে রাজি হননি কর্মকর্তারা। শনিবার রাতের ঘটনাটি ‘সন্ত্রাসবাদী হামলা’ নয় বলেও তারা ‘আত্মবিশ্বাসী’।

ভ্যাঙ্কুভার লাপু লাপু উৎসবের আয়োজক ফিলিপিনো বিসি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা তাদের ‘হৃদয় ভেঙে দিয়েছে’।

আজ সোমবার কানাডায় সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, তার আগে এ ঘটনা অনেককে হতবাকও করে দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো যোগসাজশ খুঁজে পায়নি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত