২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল বিএসইসি

আপডেট : ০১ মে ২০২৫, ১২:৩৯ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসইসিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কর্মকর্তাদের এ শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

গতকাল বুধবার বিএসইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। যদিও গত মঙ্গলবার সন্ধ্যার পর অনুষ্ঠিত বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ। এ ছাড়া এই তালিকায় আছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সহকারী পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

যে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, তারা হলেন সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) মাকসুদা মিলা এবং ব্যক্তিগত কর্মকর্তা কাউসার পাশা বৃষ্টি।

বিএসইসি সূত্রে জানা গেছে, বুধবার সকালে কার্যালয়ে আসার পর বরখাস্ত হওয়া কর্মকর্তারা তাদের বরখাস্তের বিষয়টি জানতে পারেন। তাদের এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। গত ৫ মার্চ বিএসইসিতে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনায় এসব কর্মকর্তা বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন। দাবি পূরণ না হওয়ায় চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে ৬ মার্চ কর্মবিরতিও পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

এ ঘটনায় গত ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংস্থাটির ১৬ কর্মকর্তাকে অভিযুক্ত করে মামলাও করা হয়। বিএসইসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৪ জন এ মামলায় অভিযুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত