ঈদুল ফিতরের আগে দেশের ইতিহাসে এক মাসে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল দেশে। ঈদের পরও রেমিট্যান্সের গতিধারা অব্যাহত রয়েছে। চলতি মাস এপ্রিলের ২৯ দিনে এসেছে ২ দশমিক ৬১ বিলিয়ন (২৬১ কোটি ৭০ লাখ) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩১ হাজার ৮০৫ কোটি টাকার বেশি। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ৯৭ কোটি টাকা। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভও বাড়ছে। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় পৌনে ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়। এখন সেই রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গতকাল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
এর আগে সদ্য বিদায়ী মাস মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৯ বিলিয়ন (৩২৯ কোটি) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে আসে প্রায় ১০ দশমিক ৬১ কোটি ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা।
তথ্য বলছে, গত বছর মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭১ বিলিয়ন বা ১৭১ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী মার্চে ১৫৮ কোটি ডলার বেশি এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৮ কোটি ডলার, যা গত অর্থবছরে একই সময়ে এসেছিল ১ হাজার ৭০৮ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৪৭০ কোটি ডলার বেশি এসেছে।
গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে। সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল চলতি বছর মার্চ মাস।
