গাজার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

আপডেট : ০২ মে ২০২৫, ০৯:০১ পিএম

গাজায় ত্রাণবাহী একটি জাহাজ মাল্টার নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মিশনের আয়োজক গোষ্ঠী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

এফএফসি জানিয়েছে, মাল্টা থেকে ১৪ নটিক্যাল মাইল (২৫ কিলোমিটার) দূরে অবস্থিত জাহাজটি গাজা যাওয়ার পথে দুটি ড্রোন হামলা করা হয়। জাহাজটিতে জীবনের সঙ্গে সংগ্রাম করা অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের ত্রাণ নেওয়া হচ্ছিল।

শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, জাহাজের ওপর আগুন জ্বলছে ও বিস্ফোরণ ঘটছে।

তবে বিবৃতিতে হামলার জন্য সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তাদের দাবি, ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবশ্যই তলব করতে হবে। আন্তর্জাতিক জলসীমায় চলমান অবরোধ এবং আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলাসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব দিতে হবে।

জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সবাই সুস্থ আছেন। জাহাজটিকে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি টাগ বোটকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত