ন্যায্য মজুরি ও মর্যাদার দাবিতে মে দিবস পালিত

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:২৫ এএম

শ্রমিক-মালিকের ঐক্যের ডাকে পালিত হলো মহান মে দিবস। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এবার মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে ১৮৮৬ সালে মে মাসের ১ তারিখে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিলেন। শ্রমিকদের জন্য এ আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশসহ বিশ্ব জুড়ে ১ মে এ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন এবং আয়োজনে সারা দেশে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ ও র‌্যালি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাব, শ্রমভবন এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সমাবেশ ও র‌্যালি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন শ্রমিক দল ঢাকা মহানগরীর সড়কে বের করে মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি। আউটসোর্সিং হিসেবে কর্মরত শ্রমিকরা শ্রম ভবনের সামনে সমাবেশ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কর্মরত ব্যক্তিরা এতে যোগ দেন। এ ছাড়া বিভিন্ন দাবিতে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সদস্যরা সমাবেশ কর্মসূচি পালন করেন। মে দিবস উপলক্ষে দুপুর ১টায় রাজধানীর শাহবাগে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারীর ব্যানারে সমাবেশ হয়।

৩০ হাজার টাকা মজুরি দাবি স্কপের : মে দিবসে শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ ‘গণতান্ত্রিক’ শ্রম আইন, স্থায়ী মজুরি কমিশনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। মে দিবসে গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ৯ দাবি তুলে ধরে সংগঠনটি। সমাবেশে শ্রমিকনেতারা শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানান। বক্তারা আউটসোর্সিং ও দৈনিক মজুরির নামে শ্রমিকদের সুরক্ষাহরণ বন্ধ করাসহ স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া এবং সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন স্কপের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আশিকুল আলম, সমন্বয়ক আনোয়ার হোসেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন প্রমুখ।

গণসংগীত সমন্বয় পরিষদের অনুষ্ঠান : শ্রমজীবী মানুষের কাজের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে মে দিবস উদযাপন করেছে ‘বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ’। ‘ওরা কাজ করে, নগরে বন্দরে’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে গান, আবৃত্তি আর নৃত্যছন্দে শিল্পীরা শ্রমজীবী মানুষের জয়গান শোনান। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সমস্বর, ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরতাল সংগীত একাডেমি, উঠোন, সুরনন্দন দলীয় সংগীত পরিবেশন করে।

বগুড়া প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে সকাল ৯টায় শহরে র‌্যালি বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। এদিকে দিবসটি উপলক্ষে বগুড়ায় শ্রমিক দল দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এ সেøাগানকে ধারণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাভার উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা যায়। সাভার উপজেলা পরিষদ হলরুমে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক মো. আতিকুর রহমান সভাপতিত্ব করেন।

আখাউড়া (্ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা হয়েছে। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের লাল বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে র‌্যালি শেষ হয়।

আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনা জেলা যান্ত্রিকযান (থ্রি-হুইলার) মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে মো. শামসুল হক চৌকিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

জয়পুরহাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের রামদের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‌্যালি এসে সার্কিট হাউজ মাঠে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা সভা হয়।

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগর উপজেলায় মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। কর্মসূচির প্রথমেই সকালে উপজেলা প্রশাসন ও থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বরেন্দ্র গেটে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারব হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত