গত ২৯ এপ্রিল মঙ্গলবার মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও জাদুঘরের প্রধান তত্ত্বাবধায়ক ড. মুহাম্মদ আল-ঈসার উপস্থিতিতে মদিনায় নবীজির জীবনী ও ইসলামি সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরে নতুন একটি প্যাভিলিয়ন এবং ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।
নতুন প্যাভিলিয়নটি মদিনার ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন ও স্মারকসমূহের ওপর ২০টিরও বেশি বিভাগে সমৃদ্ধ নথিভিত্তিক প্রদর্শনী তুলে ধরেছে, যা নবী মুহাম্মদ (সা.)-এর যুগের মদিনাকে প্রতিনিধিত্ব করে।
এখানে নবীজির ঘরের একটি প্যানোরামিক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি নবীজি (সা.)-এর মসজিদ নির্মাণ, চিকিৎসা তাঁবু (দারুত তিব্ব) এবং তার দৈনন্দিন জীবনের একটি বাস্তবভিত্তিক চিত্রায়ণও দর্শকদের জন্য পরিবেশিত হয়েছে।
নতুন সংযোজিত ‘ইথাফ’ নামক ডিজিটাল প্ল্যাটফর্মটি দর্শনার্থীদের জন্য নবীজির জীবনীকে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আবিষ্কারের সুযোগ সৃষ্টি করেছে। এতে ৩৫০টিরও বেশি গ্রন্থ ও বিশ্বকোষের একটি বিশাল গ্রন্থাগার অন্তর্ভুক্ত রয়েছে, যা পবিত্র কোরআন ও নবীজির সুন্নাহ বিষয়ক। এসব বই একাধিক ভাষায় অনূদিত হয়েছে। এছাড়া গভর্নর প্রিন্স সালমান সৌদি আরবের পক্ষ থেকে কোরআন, সুন্নাহ এবং দুই পবিত্র মসজিদের সেবায় গৃহীত উদ্যোগ ও প্রচেষ্টাকে তুলে ধরার জন্য প্রস্তুতকৃত বিশেষ প্যাভিলিয়নও পরিদর্শন করেছেন এবং এর কার্যক্রম ও ইসলামের শান্তির বার্তা প্রচারে পরিচালিত প্রচেষ্টাগুলো সম্পর্কে অবহিত করেছেন।সূত্র : আরব নিউজ
