অভিযুক্ত ছাত্র নোমানের ছাত্রত্ব ও সনদ স্থগিত

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:২২ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অনিয়মিত শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত, ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ, স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটের সভায়। এ ছাড়াও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। গতকাল শনিবার বিকালে খুবির সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুবির উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম জানান, অভিযুক্ত ছাত্র মোবারক হোসেন নোমান খুবির একজন অনিয়মিত ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর অতর্কিতে হামলার ঘটনায় শনিবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট ওই ছাত্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ তার ছাত্রত্ব সাময়িক স্থগিত, ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ, স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। এ ছাড়াও উদ্ভূত ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে এর আগেও অনেক গুরুতর অভিযোগ ছিল। সে অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাতেও সে সংশোধন হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত