এপ্রিলে ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:২৩ এএম

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১০ মাসে সবচেয়ে কম রপ্তানি আয় হয়েছে এপ্রিলে। গত মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি। রপ্তানিকারকদের মতে, ঈদের দীর্ঘ ছুটিতে কারখানা বন্ধ থাকা এবং শিল্পে গ্যাসসংকটের দ্বৈত প্রভাবে রপ্তানি কমেছে। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র শূন্য দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এটাই চলতি অর্থবছরের মধ্যে সবচেয়ে কম মাসিক রপ্তানি। ইপিবির তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে কম রপ্তানি হয়েছিল সেপ্টেম্বর মাসে। ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল সে মাসে। এর বিপরীতে চলতি বছরের মার্চ মাসে রপ্তানি ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

সবশেষ তথ্য অনুসারে, এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের এপ্রিলে ছিল ২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ১০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত