সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ভারত-পাকিস্তান যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের : ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাক্সক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল, তা গত মঙ্গলবার রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কারও জন্য মঙ্গল বয়ে আনবে না জামায়াত আমির : ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’
তিনি লেখেন, ‘এ ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। উভয় পক্ষকেই দায়িত্ব¡শীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।’
পাকিস্তানে ভারতের হামলা দুটি পারমাণবিক শক্তিধর দেশকে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে খেলাফত মজলিস : গতরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে মসজিদ লক্ষ্য করে ভারতের বিমান হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান। তারা বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ যাতে সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।
