সাম্য হত্যা মামলা ডিবিতে শাহবাগে অবরোধ

আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:২৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপদেষ্টা মামলাটির তদন্ত ডিবির হাতে হস্তান্তরের আশ্বাস দেন।

এদিকে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত শুক্রবার দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের মধ্যে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে গতকাল রবিবার শাহবাগ থানা ঘেরাও করে এর সামনে অবস্থান নেন তারা। এদিকে সাম্য হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। অন্যদিকে একই দাবিতে গতকাল বিকেলে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচির সময় একটি প্রতিনিধিদল মামলার অগ্রগতি সম্পর্কে জানতে থানায় প্রবেশ করে। এর আগে বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তারপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন এবং পরে তারা শাহবাগ থানা ঘেরাও করেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘শেইম শেইম, ইন্টেরিম’; ‘সাম্য, সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি সেøাগান দেন। এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দ্রুত বিচারের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা দুপুর ১টার দিকে থানার সামনে থেকে সরে যান।

উপাচার্য বলেন, সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন। নিহত সাম্যের বড় ভাই এসএম শরিফুল আলম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে বিচারের নামে যেন কোনো প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই ফেঁসে না যান। প্রকৃত অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি জানান তিনি।

৪৮ ঘণ্টার আলটিমেটাম ঢাবি সাদা দলের : সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময়ের মধ্যে সাম্য হত্যার প্রকৃত খুনিকে না বের করতে পারলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ আলটিমেটাম দেওয়া হয়। এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য হত্যার পাঁচ দিন পূর্ণ হলো। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি, যা আমরা মানতে বাধ্য নই। ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয় তাহলে আমরা আরও জোরালো আন্দোলনে যাব। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ প্রমুখ।

ছাত্রদলের শাহবাগ অবরোধ : সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। এর আগে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে তারা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে আশপাশের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। কালো পতাকাবাহী মিছিল দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদের পদত্যাগ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ‘অসংলগ্ন’ আচরণ করেছে, তাতে আমরা ক্ষুব্ধ। জুলাইয়ে গণআন্দোলনে যেই সাম্য শেখ হাসিনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিল, সেই সাম্য আজ আমাদের মধ্যে নেই। তার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত প্রশাসন এ হত্যাকা-ের দায় এড়াতে পারে না। সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই-আগস্ট বিক্রি করে একদল শিক্ষার্থী টেন্ডারবাণিজ্য করছে। তাদের কোনো ক্ষমা করা হবে না। তিনি বলেন, জুলাই-আগস্টের সম্মুখসারির নেতৃত্ব দেওয়া সাম্য হত্যার বিচার ঢাবি প্রশাসন নিশ্চিত করতে পারেনি। তাই সাম্য হত্যাকা-ের বিচারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতারা উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৪টায় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান করেন। পৌনে দুই ঘণ্টা অবরোধের পর তারা সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড় ত্যাগ করলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর : সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাম্যর হত্যা মামলার তদন্ত ডিবির হাতে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগের কাজ চলছে। দ্রুত সময়ে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। এর আগে গতকাল বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় সাম্য হত্যা মামলার তদন্ত ডিবিতে হস্তান্তরের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসঙ্গত, সাম্য হত্যায় ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চবি প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে মিছিলটি চাকসু ভবনের পাশ দিয়ে কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চবি ছাত্রদল শাখা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

জাবি প্রতিনিধি জানান, সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসীম আহমেদ অনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী, শাখা ছাত্রদলের কর্মী হামিদুল্লাহ সালমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত