জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা আলোচনায় বসবেন। গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে গতকালও কলমবিরতি কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ভাষ্য, দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার-হাজার কর্মকর্তা-কর্মচারীর মতামত নেওয়া হয়নি। সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে এই নতুন অধ্যাদেশ রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে।
