বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ। প্রস্তুতি নিয়েও পাল্টাপালটি রিট ও আপিল নিষ্পত্তির অপেক্ষা করছে তারা। আন্দোলনকারীরা শপথ পড়াতে আরও ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি এখনো বিচারাধীন। আদালত যা বলে, আমরা তা করব।’
প্রস্তুত মন্ত্রণালয়
উচ্চ আদালতে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চাওয়া রিট খারিজ হয়ে গেলে তাকে শপথ পড়ানোর কার্যক্রম শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সূত্র বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তার শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে সময় চাওয়া হয়েছে।
২৪ ঘণ্টার আলটিমেটাম
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চলছে। এ আন্দোলন নগর ভবনে সূচনা হলেও গত বৃহস্পতিবার আদালতের রায় আসার পর কাকরাইল মোড়ে টানা অবস্থান শেষে স্থগিত করা হয়। তবে শ্রমিক-কর্মচারীরা আগের মতোই নগর ভবন তালাবদ্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই আরও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
ঢাকাবাসীর পক্ষে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথগ্রহণ না করানো হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলন শুরু করব।’
শপথ পড়াতে আইনি নোটিস
ইশরাক হোসেনকে গতকাল শপথ পড়াতে স্থানীয় সরকার সচিবকে আইনি নোটিস দেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এতে বলা হয়, সংশ্লিষ্ট আইন অনুযায়ী ইশরাককে মেয়র পদে শপথপাঠ করাতে স্থানীয় সরকার সচিব কার্যালয় ব্যর্থ হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিটকারীর আইনজীবীর আপিল
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ আটকাতে আপিল বিভাগে গেছেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ। ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছে, তা স্থগিত চেয়ে গতকাল আবেদন করেছেন তিনি। রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালে হওয়া ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন।
