স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

দুষ্কৃতীদের আইনের অধীনে নেওয়া হবে

আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:১১ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে। অন্য দুষ্কৃতকারীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদিকে, অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনসহ তিন জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

গতকাল বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার অব্যাহত আছে। রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, কৃষকদের উৎসাহিত করতে হবে। রপ্তানি বাড়াতে এবং আমদানি কমাতে সচেষ্ট থাকতে হবে।

এদিকে অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত এবং এম এ এস শরীফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বুধবার ম্যাজিস্ট্রেট জাকির হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

গত মঙ্গলবার ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থেকে শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়।

সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত