আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই সংহতি এবং বর্ধিত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন সহায়তার প্রয়োজন যাতে আর্থিক সংকট লাঘব করা যায় এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের সহায়তা আরও জোরদার করা যায়।
গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
বৈঠকে গোয়েন লুইস বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘœ করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন ঘাটতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। লুইস বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিক্ষাসহ অন্যান্য মৌলিক কার্যক্রম তহবিল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহানুভূতি ও সমন্বিত সহায়তা অত্যন্ত জরুরি।’ তিনি দ্রুত আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
বৈঠকে বাংলাদেশের সংস্কার কর্মসূচি, এসডিজি অর্জনের অগ্রগতি এবং উত্তরণকালীন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। গোয়েন লুইস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং চলমান সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার সংহতি প্রকাশ করেন। এই সাক্ষাৎ দুপক্ষের মধ্যে পারস্পরিক আস্থার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে আরও দৃঢ় করবে।
