কোরবানির পর রান্নাঘর হোক জীবাণুমুক্ত

আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:০৪ পিএম

ঈদুল আজহায় শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আনন্দ ভাগাভাগির উৎসবও বটে। এই সময়ে পরিবার-পরিজন একসঙ্গে কোরবানির মাংস প্রস্তুত, সংরক্ষণ এবং রান্না নিয়ে ব্যস্ত থাকেন।

তবে উৎসবের এই ব্যস্ততা ও উদযাপনের মাঝেই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়ই অবহেলিত থেকে যায় পরিচ্ছন্নতার বিষয়টি। বিশেষ করে কাঁচা মাংসের গন্ধ ও জীবাণুর সংক্রমণ ঘরকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে যদি শুরুতেই পরিকল্পিতভাবে ব্যবস্থা না নেওয়া হয়।

শুধু অস্বস্তিকর গন্ধই নয়, জীবাণুর উপস্থিতি নানান স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। বিশেষত রান্নাঘর, সিংক এবং বাসনপত্র যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয়। তাই ঈদের আনন্দ যেন অসুস্থতা বা অস্বস্তিতে পরিণত না হয় সেজন্য চাই সচেতনতা, সাবধানতা এবং প্রাক-পরিকল্পিত পরিচ্ছন্নতা ব্যবস্থা।

প্রস্তুতি আগে থেকেই

কোরবানির দিনে মাংস কাটাকাটি, বণ্টন আর রান্নার কাজে পুরো বাড়ি সরব হয়ে ওঠে। তবে পরিচ্ছন্নতার কাজ ঈদের দিন থেকে নয় বরং অন্তত দুয়েক দিন আগ থেকেই কিছু গুরুত্বপূর্ণ উপকরণ সংগ্রহ করে রাখা বুদ্ধিমানের কাজ।

গ্লাভস, তরল ডিসওয়াশ, সাদা ভিনেগার, ব্লিচ, বেইকিং সোডা, লেবু, স্ক্রাবার, স্পঞ্জ ও গরম পানি- এই জিনিসগুলো আগে থেকেই প্রস্তুত রাখলে কোরবানির পরপরই দ্রুত এবং কার্যকরভাবে পরিষ্কার করা সম্ভব হবে।

শুধু তাই নয়, পরিচ্ছন্নতার ক্ষেত্রে সঠিক উপকরণ ব্যবহার করলে মাংসের গন্ধ ও জীবাণু দুটোই সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে ঈদের আনন্দ যেমন বজায় থাকে, তেমনই ঘরের স্বাস্থ্যঝুঁকিও থাকে নিয়ন্ত্রণে।

কাঁচা মাংসের সঙ্গে সার্বিকভাবে জড়িত একটি বড় সমস্যা হল দুর্গন্ধ এবং জীবাণুর সংক্রমণ। অসাবধানতাবশত রান্নাঘর, বাসনপত্র ও সিংকে জীবাণু থেকে যেতে পারে, যা পরে খাদ্যবাহিত রোগ সৃষ্টি করার সম্ভাবনা বাড়ায়। তাই কোরবানির পরপরই প্রয়োজন পরিকল্পিত ও সচেতন পরিচ্ছন্নতা ব্যবস্থা।

ছুরি, চপিং বোর্ড ও অন্যান্য বাসনপত্র দ্রুত পরিষ্কার

কাঁচা মাংস কাটার পর ছুরি, চপিং বোর্ড ও ট্রে যদি একটানা পড়ে থাকে, তবে সেগুলো জীবাণুর আখড়া হয়ে দাঁড়ায়। ব্যবহার শেষে এসব জিনিস গরম পানি, তরল ডিসওয়াশ ও সাদা ভিনেগার দিয়ে ধুয়ে ফেলতে হবে।

পরামর্শ: প্লাস্টিক চপিং বোর্ডে বেশি জীবাণু বাসা বাঁধে, তাই কাঠের বোর্ড ব্যবহার করা উচিত। এছাড়া পরিষ্কারের পর অবশ্যই কড়া রোদে শুকাতে দিতে হবে। কারণ সূর্যের তাপে অনেক জীবাণুই নষ্ট হয়ে যায়। আর গন্ধও কমে।

সিংক পরিষ্কারে বিশেষ যত্ন

রান্নাঘরের সিংকে কাঁচা মাংস ধুয়ে নেওয়ার ফলে সেখানে রক্ত ও চর্বির আবরণ জমে দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া এসব স্থানে ব্যাক্টেরিয়া দ্রুত বংশবিস্তার করে।

পরিষ্কার করার উপায়: প্রথমে গরম পানি দিয়ে সিংকটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর বেইকিং সোডা ছিটিয়ে এবং সাদা ভিনেগার ঢেলে ১০ মিনিট অপেক্ষা করতে হবে যেন উপাদানগুলো সঠিকভাবে কাজ করে। এরপর একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে যেন গন্ধ বা জীবাণু না থাকে। চাইলে শেষে ব্লিচ মেশানো পানি দিয়েও ভালো করে ধুয়ে ফেলা যায়। যেহেতু অনেক কাঁচা মাংস ধোয়ার কাজ করা হয় তাই বাড়তি সতর্কতা নেওয়া যেতেই পারে।

তবে রান্নাঘরের সিংক পরিষ্কারে ব্লিচ এবং ভিনেগার কার্যকর জীবাণুনাশক তাই একসঙ্গে না মেশানোই ভালো। ধাপে ধাপে ব্যবহার করতে হবে। গন্ধ দূর করতে প্রাকৃতিক উপাদান কাঁচা মাংসের গন্ধ বেশ তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে। এই গন্ধ দূর করতে ঘরোয়া উপাদানগুলো বেশ কার্যকর।

যা করতে হবে: লেবুর রস ছিটিয়ে রাখুন রান্নাঘরের মেঝে বা সিংকে।

এক কাপ পানিতে ২ টেবিল-চামচ বেইকিং সোডা মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে গন্ধযুক্ত জায়গায় স্প্রে করতে হবে। ব্যবহৃত চা পাতাও ভালোভাবে শুকিয়ে রেখে পুড়িয়ে রান্নাঘরের কোণায় ধোঁয়া করলে গন্ধ কমে আসে।

মেঝে ও দেয়াল পরিষ্কার

মাংস কাটাকাটির সময় কিছু অংশ ছিটকে মেঝে বা দেয়ালে লেগে যেতে পারে। এতে গন্ধ তো হয়ই, জীবাণু ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়।

পরিষ্কার করার উপায়: ব্লিচ ও পানি ১:১০ অনুপাতে মিশিয়ে মেঝে মোছার পানিতে ব্যবহার করতে হবে। একবার ব্লিচ পানিতে মুছে নেওয়ার পর আবার গরম পানি দিয়ে মুছে ফেললে জীবাণু বা গন্ধ থাকার সম্ভাবনা থাকে না।

স্পঞ্জ ও স্ক্রাবারেও জীবাণু জমে

পরিষ্কারের সময় যেসব স্পঞ্জ, ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করা হয়, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা জরুরি। না হলে সেসবের মাধ্যমেও জীবাণু ছড়াতে পারে।

পরামর্শ: ঈদের দিনে ব্যবহারের পর স্পঞ্জটি প্রতি দু-তিন দিনে গরম পানি ও ভিনেগারে ভিজিয়ে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র ঈদের দিনে পরিষ্কার করলেই চলবে না।

বর্জ্য ব্যবস্থাপনাতেও সচেতনতা জরুরি

মাংস কাটার পর যে পরিমাণ চর্বি, হাড় ও অনুপযুক্ত অংশ জমে তা যদি বাসার আশপাশে ফেলে রাখা হয়, তবে দুর্গন্ধ এবং মশা-মাছির জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে।

পরামর্শ: ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত পলিথিন ব্যাগে বর্জ্য রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। কোরবানির পরে বাড়ির সামনে ব্লিচ বা চুন অবশ্যই ছিটিয়ে দিতে হবে। না হলে নিজের ঘরেই সে জীবাণু ফিরে আসবে।

হাত ধোয়ার অভ্যাস

পরিচ্ছন্নতার শুরু নিজ হাত থেকে। মাংসের কাজ শেষ করেই হাত ভালোভাবে ধোয়া উচিত। না হলে জীবাণু লেগে যেতে পারে খাবারে, ফল-সবজিতে বা শরীরে।

পরামর্শ: গরম পানি ও সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে নিতে হবে। চাইলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়।

বাতাস চলাচল নিশ্চিত

রান্নাঘরে সঠিকভাবে বাতাস চলাচল না থাকলে দুর্গন্ধ জমে থাকে। তাই ঈদের সময় রান্নাঘরের জানালা ও দরজা খোলা রাখতে হবে যেন গন্ধ বেরিয়ে যায়।

পরামর্শ: পুরো ঘরে ও রান্নাঘরে এসেনশল অয়েল (লেমনগ্রাস, ল্যাভেন্ডার) ব্যবহার করা যায়। এতে মৃদু সুগন্ধ ও জীবাণুনাশক গুণ একসঙ্গে মিলবে।
প্রতিদিনের রুটিন গড়ে তোলা

ঈদের দিন শুধু নয়, ঈদের পরদিনগুলোর জন্যও একটি পরিচ্ছন্নতার রুটিন থাকা দরকার। প্রতিদিন রান্নাঘর ও সিংক গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ঈদের পরে সপ্তাহে অন্তত একদিন ব্লিচ বা ভিনেগার ব্যবহার করা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত