১০ দিনের ছুটি শেষে আজ খুলছে শেয়ারবাজার

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:৪৭ এএম

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের নিয়মে আজ সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলবে। দিনের পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে।

টানা ছুটি শেষে ব্রোকারেজ হাউজগুলোয় ঈদের আমেজ বিরাজ করলেও বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের উপস্থিতি বা সংশ্লিষ্টতা বাড়বে। তবে, ঈদ শুভেচ্ছাবিনিময়ের সঙ্গে শেয়ারবাজারের আলোচনার বিষয় এখন প্রস্তাবিত জাতীয় বাজেটে করপোরেট কর, মার্চেন্ট ব্যাক ও অন্যান্য সুবিধার বিষয়।

জানা গেছে, গত ৪ জুন শেয়ারবাজারে লেনদেন হয়েছিল। এরপরের দিন অর্থাৎ ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ছিল শেয়ারবাজারে।

জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ব্রোকারেজ প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেনের ওপর উৎসে করের হার শূন্য দশমিক শূন্য ৫ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ প্রস্তাব করা হয়েছে। বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ মালিক, মার্চেন্ট ব্যাংক ও বাজার বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত