স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এর আগে সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। পরে রাত সোয়া ১১টার পর তিনি হাসপাতাল ছাড়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক জড়ো হন। হাসপাতালে যাওয়ার পথে পুলিশ ও চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটিকে পাহারা দেয়। হাসপাতালে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোনায়েম মুন্না আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৭ জানুয়ারি লন্ডন যান এবং চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ও তার ব্যক্তিগত চিকিৎসক দলের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
